| | |

সাভারে ছাত্রদল নেতা মোনারুলের মৃত্যু, হত্যার অভিযোগে মানববন্ধন

নাজমুল হুদা

ঢাকার সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) আবাসিক ভবনের ছাদ থেকে পড়ে সাভার থানা ছাত্রদলের সহসভাপতি মোনারুল ইসলাম বকশীর (২৯) মৃত্যুর ঘটনায় হত্যার অভিযোগ উঠেছে। নিহতের পরিবার ও সহযোদ্ধারা ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে মানতে নারাজ। তাদের দাবি, পরিকল্পিতভাবে মোনারুলকে হত্যা করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসির মূল ফটকের সামনে আয়োজিত মানববন্ধনে এ অভিযোগ করেন তারা। বিপিএটিসি যুব কল্যাণ সংঘের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

দুপুর পৌনে ২টার দিকে শুরু হওয়া মানববন্ধনে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী লেনে শতাধিক মানুষ অংশ নেন। এতে নিহতের বড় ভাই মমদেল হোসেন বকশী, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সিকদার, সাভার থানা ছাত্রদলের সহসভাপতি সালমান শাহ শান্ত, সাগর হোসেনসহ বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে নিহতের বড় ভাই মমদেল হোসেন বকশী বলেন, “আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি আর কিছুই চাই না, শুধু আমার ভাইয়ের হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার চাই। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের প্রত্যেককে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।”

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন বলেন, “মোনারুলকে যারা হত্যা করেছে, তারা প্রশাসনের যে পর্যায়ের কর্মকর্তা বা সদস্যই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। এটি ফৌজদারি অপরাধ। তাদের বিরুদ্ধে মামলা করা হবে এবং প্রচলিত আইনেই বিচার নিশ্চিত করতে হবে।”

এর আগে গত বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে রংপুর জেলার পীরগাছা থানার এক কিশোরী নিখোঁজের ঘটনায় সাভারের বিপিএটিসির আবাসিক এলাকায় অভিযান চালায় সাভার ও পীরগাছা থানার পুলিশের একটি যৌথ দল। পুলিশের তথ্য অনুযায়ী, নিখোঁজ কিশোরী মোনারুলদের ফ্ল্যাটে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের সময় রহস্যজনকভাবে ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান মোনারুল।

নিহত মোনারুল ইসলামের বাবা জাফর আলী বিপিএটিসির নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত। বাবার বরাদ্দ করা সরকারি ফ্ল্যাটেই পরিবারের সঙ্গে থাকতেন মোনারুল। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ হাতিবান্ধা এলাকায়।

মানববন্ধন থেকে মোনারুলের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ