শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে সাভারের গেন্ডা নাঙলের মোড় এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী লায়ন মো. খোরশেদ আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মাতবর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠা এবং উন্নয়নমুখী রাষ্ট্র গঠনে তাঁর অবদান দেশের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
তারা আরও বলেন, বর্তমান প্রজন্মের কাছে জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও কর্মদর্শন তুলে ধরা প্রয়োজন। তাঁর আদর্শ অনুসরণ করে দেশে গণতন্ত্র ও ভোটাধিকারের আন্দোলন এগিয়ে নেওয়ার আহ্বানও জানান বক্তারা।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি, স্বেচ্ছাসেবক দল এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।









