জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজে ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে দিবসটি উপলক্ষে কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। এতে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক অতিথি উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বলেন, আধুনিক রাষ্ট্রব্যবস্থায় ফ্যাসিবাদ সর্বতোভাবে পরিত্যাজ্য। তিনি বলেন, “হাসিনার ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, তবে কিছু কিছু ফ্যাসিবাদী চরিত্র এখনো সমাজের বিভিন্ন স্তরে রয়ে গেছে। ক্ষমতার অপব্যবহার, স্বৈরাচারী আচরণ, স্বজনপ্রীতি ও দুর্নীতিই ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ।”
তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থান দিবস আমাদের জন্য শিক্ষা নেওয়ার দিন। সবাইকে ফ্যাসিবাদী মানসিকতা পরিহার করতে হবে এবং ফ্যাসিবাদের করুণ পরিণতি থেকে শিক্ষা নিতে হবে।”
পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষপর্বে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।








