| | |

সাভারে ঝুট ব্যবসা নিয়ে উত্তেজনা, ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া

হাসিবুল হাসান শান্ত

ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নে ঝুট ব্যবসা দখলের অভিযোগকে কেন্দ্র করে ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া দিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বিরুলিয়া ইউনিয়নের জিনজিরা এলাকায় তিতাস গার্মেন্টসে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুপুরে ৮ থেকে ১০টি মোটরসাইকেলে করে ছাত্রদলের একদল নেতাকর্মী কারখানার সামনে আসেন। পরে ইউনিয়ন ছাত্রদল নেতা সাব্বির, শাওন, তুহিনসহ ১০ থেকে ১৫ জন কারখানার ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা কারখানা কর্তৃপক্ষকে ব্যবসা বন্ধ করার হুমকি দেন বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া দিলে তারা কারখানা এলাকা ত্যাগ করেন।

তবে অভিযোগ অস্বীকার করে বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুহিন বলেন, তারা ঝুট ব্যবসার জন্য নয়, এক্সেসরিজ সংক্রান্ত ব্যবসায়িক বিষয়ে কথা বলতে কারখানায় গিয়েছিলেন। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে, কিন্তু কোনো হুমকি বা চাঁদা দাবি করা হয়নি। বরং হঠাৎ করে এলাকাবাসী তাদের ওপর হামলা চালায় বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে তিতাস গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারখানার ঝুট দখল নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted