ঢাকার সাভারের আশুলিয়ায় বাঁশভর্তি ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক নারী পোশাককর্মী নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে নবীনগর–চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুক্তা আক্তার (২৯) রংপুরের তাজহাট থানার শেখপাড়া গ্রামের আবদুল মতিনের মেয়ে। তিনি আশুলিয়ার নরসিংহপুর এলাকায় স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পরিচিত এক ব্যক্তির মোটরসাইকেলে করে নবীনগরের দিকে যাচ্ছিলেন মুক্তা। পথিমধ্যে বাইপাইল এলাকায় পৌঁছালে একটি বাঁশভর্তি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মুক্তা সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ঘাতক ট্রাকটি জব্দ এবং চালককে আটক করা হয়।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহজাহান জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।










