| | |

সাভারে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

নাজমুল হুদা

ঢাকার সাভারের আড়াপাড়া এলাকায় পূর্ব শত্রুতা ও পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আবু বক্কর সিদ্দিকী (৪৫) নামে এক ব্যবসায়ীকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ সময় তার গলায় থাকা স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

গত ১৭ জুন রাত সোয়া ৮টার দিকে সাভার মডেল থানাধীন আড়াপাড়া এলাকার ‘সোহাগের গরিবের বন্ধু সমবায় সমিতি লিমিটেড’-এর সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে আহত ব্যবসায়ীর ছেলে শাহরিয়ার বিন নাজিম বাদী হয়ে সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর সেটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ।

মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৭ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন দুলাল (৪০), তার ছেলে ওমর (২০), আল আমিন (২৭) ও রুজিনা আক্তার (৩৫)।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়িক লেনদেনসংক্রান্ত বিরোধের জেরে অভিযুক্তরা কৌশলে আবু বক্কর সিদ্দিকীকে ঘটনাস্থলে ডেকে নেন। সেখানে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন ব্যক্তি দলবদ্ধভাবে তার ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

হামলায় ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এছাড়া মারধরের একপর্যায়ে তার গলায় থাকা প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন এবং ব্যবসায়িক কাজে থাকা নগদ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহতের স্বজনরা দাবি করেন, ব্যবসায়িক পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করেই এ হামলার ঘটনা ঘটেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

সাভার মডেল থানার ওসি (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, “ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted