ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাভার পৌরসভার উদ্যোগে শনিবার (৬ জুন) সকাল ১০টায় এক সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভা প্রাঙ্গণে র্যালি শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. কাজী আয়েশা সিদ্দিকা, বিএনপি নেতা নাজিম উদ্দিনসহ অন্যান্য অতিথিবৃন্দ। এ সময় সাভার স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে র্যালিটি পৌরসভা প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন স্লোগানসংবলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন।
র্যালিপূর্ব সমাবেশে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাসাবাড়ি, অফিস ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত পাত্র ও জমে থাকা পানি নিয়মিত অপসারণ, মশা নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং মশারি ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে এ রোগের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।










