সাভারে নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে আব্দুর রহিম (৩৮) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সাভার পৌরসভার বনপুকুর মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিমসহ তিনজন শ্রমিক ওই নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন বলে জানিয়েছেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাজিদ হোসেন। কাজ করার সময় হঠাৎ ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত হন রহিম।
পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এসআই সাজিদ হোসেন বলেন, ‘বাঁশের চাটাই দিয়ে মাচা তৈরি করে ভবনটিতে নির্মাণকাজ চলছিল। নিরাপত্তাব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।’
তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি।









