| | |

সাভারে পুলিশের ওপর হামলা মামলার ৫ আসামিসহ গ্রেপ্তার ২৪

নাজমুল হুদা

প্রতীকী ছবি

ঢাকার সাভারে পুলিশের ওপর হামলার ঘটনায় এজাহারভুক্ত পাঁচ আসামিসহ হত্যা, মাদক, চুরি, হত্যাচেষ্টা এবং বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মোট ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ৯ জুন সন্ধ্যায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ও চিহ্নিত মাদক ব্যবসায়ী রফিকুল ইসলামকে গ্রেপ্তারে অভিযান চালায় সাভার মডেল থানা পুলিশ। বক্তারপুর এলাকায় তাকে আটকের চেষ্টা করলে তিনি সহযোগীদের ডেকে পুলিশের কাজে বাধা দেন। একপর্যায়ে রফিকুল ও তার সহযোগীরা হামলা চালিয়ে এসআই এস এম শামীম ও এএসআই মশিউর রহমানকে আহত করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পর জেলা পুলিশের নির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে হামলা মামলার এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে পৃথক অভিযানে স্ত্রীকে হত্যার অভিযোগে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বাসিন্দা মোবারক হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে মঙ্গলবার রাতে সাভারের কর্ণপাড়া এলাকায় ভাড়া বাসায় স্ত্রী নাজমা বেগমের মাথায় পাথরের শিল দিয়ে আঘাত করেন তিনি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় নাজমা বেগম মারা যান। পরে স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ছাড়া পৃথক অভিযানে মাদক মামলার তিনজন, চুরি মামলার দুইজন, হত্যাচেষ্টা মামলার দুইজন এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১০ জনকে আটক করা হয়েছে।

পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted