ঢাকার সাভারে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবু সাইদ (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন।
বুধবার (২২ অক্টোবর) রাতে সাভার থানার বনগাঁ ইউনিয়নের বেড়াইদ গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
নিহত আবু সাইদ সাভারের বনগাঁও ইউনিয়নের মৃত মুনতাজ আলীর ছেলে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। আহতরা হলেন- একই এলাকার জাবেদ, হিরু, সল্লিমুলা, বাবুল, আলিফ, আরাফাত ও নজুমদ্দিন। ।
আহতদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক রাকিব আল মাহমুদ শুভ বলেন, ‘এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এছাড়াও আহত অবস্থায় আরও ৮ জন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে। একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত জাবেদ বলেন, ‘এক খণ্ড জমির বিরোধকে কেন্দ্র করে বুধবার রাত ৮টার দিকে বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় জাকির ও তার বাহিনীর ৩০/৪০ জন সন্ত্রাসী নিয়ে হামলা চালায়। হামলকারীদের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই আবু সাইদ মারা যান। এতে আরও অন্তত ৮ জন আহত হয়েছেন।’
সাভার মডেল থানার পরিদর্শক (ওসি, অপারেশন) হেলাল উদ্দিন জানান, ‘নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। হামলায় কয়েকজন আহত হয়েছেন। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।










