ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের ২৭৫টি ভোটকেন্দ্রের পূর্ণাঙ্গ ফলাফলে বড় ব্যবধানে জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তিনি ‘ধানের শীষ’ প্রতীকে মোট ১ লাখ ৯০ হাজার ৯৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার প্রধান প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী দিলশানা পারুল ‘শাপলা কলি’ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ২৮৩ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৬৫ হাজার ৭০৫, যা এ আসনে উল্লেখযোগ্য ব্যবধান হিসেবে দেখা হচ্ছে। ২৭৫টি কেন্দ্রের মধ্যে ৪৫টি কেন্দ্রে এগিয়ে ছিলেন এনসিপি প্রার্থী।
এ ছাড়া অন্যান্য প্রতীকের মধ্যে হাতপাখা প্রতীক পেয়েছে ১০ হাজার ৫৪৫ ভোট, নাঙ্গল ২ হাজার ৪০৭, ছাতা ৬৩৭, আম ৬৪৪, ট্রাক ৬৮৪ এবং হারিকেন ২১৩ ভোট।
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফলে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৭৭ হাজার ৬১৮ এবং ‘না’ ভোট ৪৭ হাজার ১১১।
পূর্ণাঙ্গ ফলাফলে দেখা যায়, অধিকাংশ কেন্দ্রে এগিয়ে থেকে ধানের শীষ প্রতীক আসনটি নিজেদের দখলে নিতে সক্ষম হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই ফলাফল আসনটিতে বিএনপির সাংগঠনিক অবস্থান ও মাঠপর্যায়ের সক্রিয়তার প্রতিফলন।










