| | |

সাভারে বাড়িতে আগুনে জাবি শিক্ষার্থীসহ দগ্ধ ৪

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারে একটি বাসায় আগুন লাগার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীসহ চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশে ইসলামনগর এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয় লোকজন।

গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে পারিবারিক দ্বন্দ্বের জেরে ওই বাড়ির মালিকের এক ছেলে আগুন দিয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় একটি সূত্র এবং বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী।

জাবির দগ্ধ শিক্ষার্থীর নাম সাইফুল ইসলাম (রনি)। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী। দগ্ধ অপর তিনজন হলেন—ওই বাড়ির মালিক আবদুর রহমানের দুই ছেলে রায়হান ও রাহাত এবং এলাকার ভাড়াটিয়া হাসিনুর।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের খণ্ডকালীন চিকিৎসক অমিতাভ দাস বলেন, গুরুতর দগ্ধ হয়ে দুজন সেখানে চিকিৎসা নিতে এসেছিলেন। এ ছাড়া আরও দুজন দগ্ধ হয়ে সাভারে চিকিৎসা নিতে গেছেন বলে জেনেছেন তিনি। যে দুজন চিকিৎসা নিতে এসেছিলেন, তাঁদের মধ্যে আহত সাইফুল ইসলামের শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে বলে ধারণা করছেন তিনি।

আহত ব্যক্তিরা বর্তমানে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার আবদুল্লাহ আল মামুন বলেন, চারজন দগ্ধ হয়ে চিকিৎসা নিতে এসেছিলেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে।

আশুলিয়ার জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আহমেদুল কবীর বলেন, গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছিল। তবে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted