‘খেলাধুলা বাড়ায় বল, মাদক ছেড়ে মাঠে চল’— এই স্লোগানকে সামনে রেখে ঢাকার সাভারে শুরু হয়েছে মাদকবিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬। বৃহস্পতিবার (৭ মে) উপজেলার সোবাহানবাগ এলাকায় টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মো. খোরশেদ আলম। তিনি বলেন, বর্তমান সময়ে মাদক সমাজের জন্য ভয়াবহ অভিশাপ হয়ে দাঁড়িয়েছে, যা বিশেষ করে তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। যুবসমাজকে রক্ষা করতে হলে শুধু আইন প্রয়োগ নয়, ইতিবাচক ও সৃজনশীল বিকল্প তৈরিও জরুরি। খেলাধুলা সেই বিকল্পের অন্যতম শক্তিশালী মাধ্যম।
তিনি আরও বলেন, খেলাধুলা মানুষের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাঠে নামা শুধু একটি খেলা নয়, এটি শৃঙ্খলা, দলগত চেতনা, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি শেখার সুযোগ। তরুণরা মাঠমুখী হলে তারা স্বাভাবিকভাবেই মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকে।
লায়ন খোরশেদ আলম আরও বলেন, সুস্থ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে পরিবার, সমাজ ও স্থানীয় নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে। তরুণদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী খেলায় অংশ নেয় ছায়াবিথী লায়ন্স ও সোবাহানবাগ ডোমিনেটর্স। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ফয়সাল একাদশ ও সবুজবাগ স্পোর্টিং ক্লাব। আয়োজকরা জানান, মাসব্যাপী এ টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ নিচ্ছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এলাকার যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন বিপুলসংখ্যক দর্শক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান আলী এবং ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কায়কোবাদ মো. শরীফুজ্জামান।
সাভার ইয়ুথ অ্যালায়েন্স আয়োজিত এ টুর্নামেন্টে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী, পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।










