ঢাকার সাভারে স্কুলের টিফিনের সময় বিস্কুট কিনতে গিয়ে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহজাহান (৬০) নামে এক মুদি দোকানিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকবাসী। ঘটনাটি ঘটেছে গত বুধবার (২০ মে) দুপুরে সাভার থানার বনগ্রাম এলাকায়। ভুক্তভোগী ওই শিশুকে
উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে
(ওসিসি) ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
অভিযুক্ত শাহজাহান ঢাকা জেলার দোহার থানার সুতারপাড়া গ্রামের মৃত ইরফান আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সাভারের বনগ্রামের মুদি দোকান ঘরে বসবাস করে আসছিলেন।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি বুধবার দুপুরে স্কুলের টিফিনের সময় পাছ বনগ্রাম এলাকার একটি মুদি দোকানে বিস্কুট কিনতে যায়। এ সময় দোকানি শাহজাহান তাকে বিস্কুট দেওয়ার প্রলোভন দেখিয়ে দোকানের ভেতরে নিয়ে যায়। একপর্যায়ে দোকানী ওই শিশুকে ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার করার চেষ্টা করলে শাহজাহান তার মুখ চেপে ধরে। ধর্ষণ শেষে ঘটনা কাউকে জানালে শিশুটিকে মেরে ফেলার হুমকি দিয়ে ছেড়ে দেওয়া হয়। বিদ্যালয় ছুটির পর শিশুটি বাড়ি ফিরে তার পরিবারের সদস্যদের বিস্তারিত জানালে বিষয়টি প্রকাশ পায়।
ঘটনা জানাজানি হলে রাতেই উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত শাহজাহানকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সাভার মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। পরে পুলিশ আসামিকে গ্রেপ্তার দেখায়।
সাভার মডেল থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা ইমরান হোসেন জানান, ‘পুলিশ দ্রুত আসামিকে হেফাজতে নিয়েছে। ভুক্তভোগী শিশুটিকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।’










