রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ এবং সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠার দাবিতে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সাভারে প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) ঢাকা জেলা যুবদলের আয়োজনে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার পৌরসভা মডেল মসজিদ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সহ-সভাপতি ও ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন (এপি)। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনছুর খান দীপক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান।
সমাবেশ ও প্রতিবাদী মিছিলে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশ শেষে নেতা-কর্মীদের অংশগ্রহণে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার রেডিও কলোনি এলাকায় গিয়ে শেষ হয়।









