সাভারে প্রায় ১০-১২ ফুট উঁচু ইটের প্রাচীর তুলে বাড়ির চলাচলের পথ বন্ধ করে দেওয়ার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বৃদ্ধ আনিসুর রহমানের পরিবারের জন্য রাস্তা করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি ইউএনওর নজরে আসে।
সোমবার (১০ আগস্ট) রাতে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে সোমবার বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের নগরচর এলাকায় আনিসুর রহমানের বাড়ি পরিদর্শন করেন ইউএনও সাইফুল ইসলাম। এ সময় তার প্রতিবেশীরাও উপস্থিত ছিলেন।
ইউএনও সাইফুল ইসলাম বলেন, ‘গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানতে পারি, আনিসুর রহমানকে অন্যের বাড়ির ছাদ দিয়ে চলাচল করতে হচ্ছে। পরে বিষয়টি খোঁজ নিয়ে তেঁতুলঝোড়া ইউনিয়নের নগরচর এলাকায় তার বাড়িতে যাই। পরিদর্শনে দেখা গেছে, আনিসুর রহমানের চলাচলের কোনো রাস্তা নেই।’
তিনি বলেন, ‘আনিসুর রহমানের প্রতিবেশীরা আপাতত দেয়াল ভেঙে চলাচলের জন্য রাস্তা করে দেবেন। আগামীকাল (মঙ্গলবার) থেকে দেয়াল ভাঙার কাজ শুরু হবে।’
তবে আনিসুর রহমানের জমি সংক্রান্ত মামলা আদালতে চলমান থাকায় সেগুলোর বিষয়ে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইউএনও।
সাইফুল ইসলাম আরও বলেন, ‘এ ছাড়া সেখানে আরও একটি উচ্ছেদ মামলা রয়েছে। ওই মামলাটিও আদালতের সিদ্ধান্ত অনুযায়ী নিষ্পত্তি হবে।’









