ঢাকা-আরিচা মহাসড়কের ফুটপাতে হকার বসতে বাধা দেওয়াকে কেন্দ্র করে সাভারে দায়িত্বরত আনসার সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আনসার সদস্য আহত হয়েছেন।
শুক্রবার (৮ মে) বিকেলে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার নিউ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
আহত আনসার সদস্যরা হলেন- আনাস, সামসুদ্দিন, এম.এইচ মানিক, মুন্নাসহ আরও দুইজন।
আহত আনসার সদস্য এম.এইচ মানিক জানান, প্রতিদিনের মতো পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে তারা ফুটপাতে হকার বসতে নিষেধ করেন। এ সময় ক্ষুব্ধ হকাররা তাদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন আনসার সদস্য আহত হন।
সাভার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আনিছুর রহমান বলেন, “হকারদের বসতে বাধা দেওয়ায় ৬ জন আনসার সদস্য হামলার শিকার হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সাভার মডেল থানাকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।










