| | |

সাভারে হাইওয়ে পুলিশের হয়রানির অভিযোগে রিকশাচালকদের মহাসড়ক অবরোধ

নাজমুল হুদা

ঢাকার সাভারে হাইওয়ে পুলিশের হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শনিবার মহাসড়কের সাভারের পাকিজা এলাকায় শতাধিক রিকশাচালক এ কর্মসূচিতে অংশ নেন।

এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি সমাধানের আশ্বাস দিলে চালকরা সড়ক থেকে সরে যান।

বিক্ষোভকারী অটোরিকশাচালকদের অভিযোগ, মহাসড়কে উঠলেই হাইওয়ে পুলিশ তাদের বাধা দেয় এবং রিকশা আটক করে। রিকশা ছাড়াতে সরকারি নির্ধারিত ফি ২ হাজার ৫০০ টাকা হলেও অতিরিক্ত টাকা আদায় করা হয় বলেও দাবি করেন তারা। এছাড়া চালকদের মারধরের অভিযোগও তোলেন বিক্ষোভকারীরা।

তারা অবিলম্বে পুলিশের হয়রানি বন্ধের দাবি জানান।

এ বিষয়ে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক হেলাল উদ্দিন বলেন, মহাসড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধ। আইন অনুযায়ী যেসব রিকশা আটক করা হয়, সেগুলোর জন্য নির্ধারিত ২ হাজার ৫০০ টাকা জরিমানা নেওয়া হয়। অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সত্য নয়।

তিনি আরও বলেন, মহাসড়কে চলাচলের সুযোগ পেতেই চালকরা মিথ্যা অভিযোগ তুলে সড়ক অবরোধ করেছেন। সড়ক আইনের আওতায় মহাসড়কে উঠলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted