ঢাকার সাভারের সদর ইউনিয়নের কলমা উত্তরপাড়া এলাকায় হাত-পা বাঁধা ও বস্তাবন্দি অবস্থায় ফজলে রাব্বি (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে একটি বাউন্ডারির ভেতরের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফজলে রাব্বি ওই এলাকার মৃত সত্তের খাঁ’র ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।

পুলিশ জানায়, গত ১৭ অক্টোবর বিকেল ৫টার দিকে কলমা এলাকা থেকে নিখোঁজ হন রাব্বি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে ১৯ অক্টোবর সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন স্বজনরা।
বৃহস্পতিবার বিকেলে স্থানীয়রা দুর্গন্ধ টের পেয়ে জঙ্গলে খোঁজ করে একটি বস্তা দেখতে পান। পরে পুলিশে খবর দিলে সাভার মডেল থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় বস্তার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফাইজুল খান বলেন, “স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। হাত-পা বাঁধা ও বস্তাবন্দি অবস্থায় মরদেহটি পাওয়া যায়। কে বা কারা তাকে হত্যা করেছে তা তদন্ত করা হচ্ছে।”
তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।










