ঢাকার সাভারে পারিবারিক রাস্তা ব্যবহার করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে একই পরিবারের পাঁচ সদস্যকে মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে পৌর এলাকার দক্ষিণ ইমান্দিপুর গাবতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন আব্দুল সাত্তার, তার স্ত্রী রাশিদা বেগম, ছেলে তৌহিদ আহমেদ রোহান, মেয়ে সিনহা জাহান রোহা এবং আব্দুল সাত্তারের বোন ফরিদা বেগম। আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এলাকার কথিত মাদক ব্যবসায়ী কহি তাদের পারিবারিক রাস্তা দিয়ে চলাচল করলে তাকে বাধা দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে তিনি সহযোগীদের নিয়ে তাদের বাড়িতে হামলা চালান। এ সময় পরিবারের সদস্যদের মারধরের পাশাপাশি তিনটি স্বর্ণের চেইন ও নগদ সাড়ে চার লাখ টাকা লুট করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তারা।
ঘটনার পর থেকে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








