ঢাকা-১৯ (সাভার ও আশুলিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেছেন- ‘সাভার ও আশুলিয়াকে একটি আধুনিক, পরিকল্পিত, মাদকমুক্ত ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলা হবে।’ শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও কর্মসংস্থানের উন্নয়নের মাধ্যমে একটি সমৃদ্ধ ও বাসযোগ্য এলাকা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।’
ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন- ‘এই সংবর্ধনা আমার ব্যক্তিগত অর্জন নয়; এটি সাভার ও আশুলিয়ার মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ। আমি সেই ভালোবাসার মর্যাদা রাখতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।’
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে ঢাকার সাভার উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সংবর্ধনা উপলক্ষে বিকেল থেকেই সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে আগত সর্বস্তরের মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল মুখর হয়ে ওঠে। সাধারণ মানুষ, রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত পরিবেশে রূপ নেয়।
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে নাগরিক কমিটির পক্ষ থেকে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, সাভারের উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ এবং একটি আধুনিক নগর গড়ে তোলার প্রত্যাশা থেকেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এটি স্থানীয় মানুষের ভালোবাসা ও আস্থার প্রতিফলন।
অনুষ্ঠানের শেষে স্থানীয় জনগণ ও নেতাকর্মীরা নবনির্বাচিত সংসদ সদস্যের সফলতা কামনা করেন।










