ঢাকার সাভার থানা ছাত্রদলের সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামির (৩৫) কে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর পৌনে ৩টার দিকে রাজধানীর সদরঘাট জনশন রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার মাহাবুব হোসেন সামির সাভার সদর ইউনিয়নের দেওগাঁও এলাকার মৃত মতিউর রহমানের ছেলে।
পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে হত্যা, মাদক, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং পরিচালনাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ জুন সাভার মডেল থানায় লাবনী বেগম নামে এক নারী লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, তার খালাতো ভাই শামীম রেজার ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করা হচ্ছিল। দাবি পূরণ না হওয়ায় বিভিন্ন সময়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও মারধরের ঘটনা ঘটে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, বিভিন্ন সময়ে গ্যারেজে হামলা চালিয়ে নগদ অর্থ, ব্যাটারিচালিত অটোরিকশা, ব্যাটারি এবং অন্যান্য মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। একই সঙ্গে পরিবারের সদস্যদের ওপর হামলা ও হয়রানির অভিযোগও আনা হয়েছে।
এদিকে, গত ২ জুন রিপন ঋষি নামে এক কিশোরকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনার পর সমালোচনার মুখে সাভার থানা ছাত্রদলের কমিটি গঠনের ১৯ দিনের মাথায় মাহাবুব হোসেন সামিরকে সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান বলেন, “গ্রেপ্তার মাহাবুব হোসেন সামিরকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে। পাশাপাশি তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর তদন্তে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”









