আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাভার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সাভার পৌরসভার উলাইল এলাকায় আল-মুসলিম গ্রুপের ১ নম্বর গেটে ঢাকা-১৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সাভার পৌর যুবদলের সাবেক সহ-সভাপতি ও পৌর বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনজুরুল ইসলামের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আল-মুসলিম গ্রুপের শ্রমিক-কর্মচারীসহ সাধারণ ভোটারদের হাতে লিফলেট তুলে দেন।
গণসংযোগকালে মো. মনজুরুল ইসলাম ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বিএনপি জনগণের দল এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে রাজপথে আপসহীন আন্দোলন চালিয়ে যাচ্ছে।
কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হয়।










