শনিবার | ২০ জুন, ২০২৬ | ৬ আষাঢ়, ১৪৩৩ | ৪ মহর্‌রম, ১৪৪৮

সাভার বাজার বাসস্ট্যান্ডে অবৈধ হকার উচ্ছেদে অভিযান

হাসিবুল হাসান শান্ত

ঢাকার সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে মহাসড়কের দুই পাশের ফুটপাত ও সার্ভিস লেন দখল করে বসা সহস্রাধিক হকারকে উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন।

অভিযানের সময় দেখা যায়, মহাসড়কের উভয় পাশের ফুটপাত ও সার্ভিস লেনের বড় অংশ দখল করে হকাররা দোকান বসিয়ে ব্যবসা করছিলেন। দীর্ঘদিন ধরে এসব হকারের কারণে সার্ভিস লেনে যানজট সৃষ্টি হতো এবং যাত্রী ও পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হতো। অভিযান চালিয়ে সেসব অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।

এ সময় ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, মহাসড়কটি দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ যাতায়াত করে। ঈদকে সামনে রেখে যানবাহনের চাপ আরও বাড়ে। ঘরমুখী মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতেই এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।

ঈদের পর হকাররা আবার এখানে বসতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দীর্ঘদিন ধরে হকারদের সার্ভিস লেন ও ফুটপাত ছেড়ে দিতে নির্দেশনা দেওয়া হলেও তারা তা মানেনি। উচ্ছেদের পর তারা আর এখানে বসতে পারবে না এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

তবে ঈদের ঠিক আগে উচ্ছেদ অভিযান পরিচালনা করায় ক্ষোভ প্রকাশ করেছেন হকাররা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন হকার জানান, তারা অবৈধভাবে ব্যবসা করেন এটি সত্য। তবে ঈদের আগে উচ্ছেদ না করে আগে পুনর্বাসনের ব্যবস্থা করলে তাদের এত ক্ষতির মুখে পড়তে হতো না।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930