সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় গাড়ির গ্লাস ভেঙে যায়। হামলায় সংসদ সদস্য আহত না হলেও তাঁর সঙ্গে থাকা অন্তত ছয়জন নেতাকর্মী আহত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার পর সংসদ সদস্য আয়নুল হক গাড়িতে বসেই ফেসবুক লাইভে এসে নিজের নিরাপত্তা নিশ্চিত এবং হামলায় জড়িতদের গ্রেপ্তারের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান। পরে হামলার প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা ধানগড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন।
সংসদ সদস্য আয়নুল হক জানান, রায়গঞ্জ উপজেলায় কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপনের স্থান নির্ধারণ নিয়ে ধানগড়া বাজারের পুরোনো মুক্তিযোদ্ধা ভবনের সামনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বৈঠক চলছিল। তিনি ওই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, বৈঠকে স্থানীয় মুরব্বি ও বিএনপি নেতাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে টিটিসির স্থান নির্ধারণের সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়। এ সময় বৈঠকে উপস্থিত জামায়াত-শিবির ও এনসিপির নেতাকর্মীরা উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি গাড়িতে ওঠার পর তাঁর গাড়িতে হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে গাড়ির গ্লাস ভেঙে যায়। হামলায় তিনি আহত না হলেও তাঁর সঙ্গে থাকা অন্তত ছয়জন আহত হয়েছেন।
তবে হামলার কারণ ও কারা হামলা করেছে, সে বিষয়ে পুলিশের বক্তব্যে ভিন্ন তথ্য পাওয়া গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান বলেন, হামলায় সংসদ সদস্য আঘাতপ্রাপ্ত হননি। তবে তাঁর গাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, বিকেলে পৌর বিএনপি, এনসিপি ও জামায়াতসহ বিভিন্ন পক্ষ টিটিসি স্থাপনের স্থান নির্ধারণ নিয়ে বৈঠকের আয়োজন করে। বৈঠকে এমপির বক্তব্যের সময় কমিটির মাধ্যমে স্থান নির্ধারণের ঘোষণা দেওয়া হলে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে এমপি গাড়িতে করে চলে যাওয়ার সময় পেছন থেকে কেউ ঢিল ছুড়লে গাড়ির গ্লাস ভেঙে যায়।
তিনি আরও বলেন, ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।









