| | |

স্ত্রীর সঙ্গে অভিমানে টাওয়ারে উঠে যুবকের আত্মহত্যার চেষ্টা

নাজমুল হুদা

ঢাকার ধামরাইয়ে স্ত্রীর সঙ্গে অভিমান করে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক। দীর্ঘ ২ ঘণ্টা ৪৫ মিনিটের চেষ্টার পর তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২৫ জুন) রাতে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের ভাটারখোলা গ্রামে এ ঘটনা ঘটে। আত্মহত্যার চেষ্টা চালানো ওই যুবকের নাম আসাদুজ্জামান (২২)। তিনি স্থানীয় বাসিন্দা দাবির উদ্দিনের ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে আসাদুজ্জামানের সঙ্গে তার স্ত্রীর বাকবিতণ্ডা হয়। এর জেরে অভিমান করে তিনি বাড়ির পাশের প্রায় দশতলা ভবনের সমান উচ্চতার একটি বিদ্যুৎ সঞ্চালন টাওয়ারে উঠে পড়েন।

খুঁটির মাথায় তাকে ঝুঁকিপূর্ণ অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। সংবাদ পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ বিভাগের সহায়তায় লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে উদ্ধার অভিযান শুরু করে।

দীর্ঘ পৌনে ৩ ঘণ্টার সতর্ক প্রচেষ্টার পর তাকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আল আমিন খান জানান, যুবকটি অত্যন্ত আবেগপ্রবণ অবস্থায় ছিলেন এবং সামান্য অসতর্কতায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। উদ্ধার শেষে তাকে প্রয়োজনীয় আইনি ও সুরক্ষামূলক ব্যবস্থার জন্য থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ