| | |

স্ত্রী চলে যাওয়ার পর প্রেমিকের স্ত্রীকে বিয়ে

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় স্ত্রী পরকীয়া করে চলে যাওয়ার পর প্রতিশোধ হিসেবে কথিত প্রেমিকের স্ত্রীকে বিয়ে করার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রবিবার (৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য শাজাহান সিরাজ।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পেকুয়া গ্রামের বাসিন্দা হাসান মিয়ার সঙ্গে প্রায় ১৫ বছর আগে জহুরা আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। একই এলাকায় বসবাসের সুবাদে সাতক্ষীরা জেলার রাজু মিয়ার সঙ্গে পরিবারের ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে জহুরা আক্তারের সঙ্গে রাজুর সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে। গত ৭ মে জহুরা আক্তার রাজুর সঙ্গে চলে যান বলে দাবি করেন স্বামী হাসান।

এর এক মাস পর, গত ৪ জুন রাজুর স্ত্রীকে তার তিন বছরের সন্তানসহ মির্জাপুরে এনে বিয়ে করেন হাসান মিয়া। তিনি দাবি করেন, স্ত্রীর চলে যাওয়ার ঘটনার প্রতিক্রিয়াতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

অভিযোগের বিষয়ে রাজু মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের কেউ এটিকে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের উদাহরণ হিসেবে উল্লেখ করছেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted