| | |

মহান স্বাধীনতা দিবস

শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

হাসিবুল হাসান শান্ত

জাতীয় স্মৃতিসৌধ।

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুত করা হয়েছে সর্বোচ্চ আয়োজন ও নিরাপত্তায়। দিনটি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

রাত পোহালেই ৫৬তম স্বাধীনতা দিবস উদযাপন করবে জাতি। দিনের প্রথম প্রহর থেকেই ফুলেল শ্রদ্ধায় ভরে উঠবে স্মৃতিসৌধের শহীদ বেদি। এ উপলক্ষে ইতোমধ্যে গণপূর্ত বিভাগ সৌধ এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে রং ও ফুল দিয়ে সাজিয়েছে।

সরেজমিনে দেখা গেছে, সৌধের চূড়া থেকে শুরু করে শহীদ বেদি ও আশপাশের সড়ক ধুয়ে-মুছে চকচকে করা হয়েছে। মূল ফটক থেকে বেদি পর্যন্ত পথজুড়ে লাল ইটের সঙ্গে সাদা রঙের নকশা তৈরি করা হয়েছে। চত্বরজুড়ে বিভিন্ন রঙের ফুলের গাছ সৌন্দর্য বাড়িয়েছে।

গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন আনু জানান, মার্চের শুরু থেকেই পরিষ্কার-পরিচ্ছন্নতা, ফুল দিয়ে সাজানো, লেক সংস্কার ও সিসিটিভি স্থাপনসহ সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীপরিষদের সদস্য ও বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাতে আসবেন।

তিনি বলেন, ভোরে রাষ্ট্রীয় কর্মসূচি শেষে সাধারণ দর্শনার্থীদের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হবে।

এদিকে নিরাপত্তা জোরদার করতে সিসিটিভির পাশাপাশি সাদা পোশাকেও মোতায়েন থাকবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের আগমনকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে এসে শ্রদ্ধা জানিয়ে নিরাপদে ফিরতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা রাখা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted