| | |

সাভারে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য খাতের পুঞ্জীভূত সমস্যা সমাধানে কাজ করছে সরকার

নাজমুল হুদা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজাতে চায় সরকার। শুধু রাজনৈতিক বক্তব্য বা কথার ফুলঝুরি নয়, বাস্তবসম্মত পরিকল্পনা ও উদ্যোগের মাধ্যমে দেশের স্বাস্থ্য খাতের সমস্যার সমাধান করা হবে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে সাভারে বাংলাদেশ হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নতুন ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. এম এ মুহিত বলেন, ‘বিগত প্রায় ১৭ বছর ধরে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান অবহেলার শিকার হয়েছে। জনগণ বঞ্চিত হয়েছে এবং সব সেক্টরেই নানা সংকট তৈরি হয়েছে। দীর্ঘদিনের এসব পুঞ্জীভূত সমস্যা সমাধানে সরকার কাজ করছে।’

তিনি বলেন, সরকার গঠনের পর গত ছয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিপরিষদ ও সরকারি কর্মকর্তারা দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। মানুষের স্বস্তি ও কল্যাণ নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। এর মধ্যে স্বাস্থ্য খাতের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘এবারের বাজেটে দেশের ইতিহাসে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকার বাস্তবভিত্তিক পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘সরকার পুরোনো ধারার রাজনীতি ও শুধু বক্তব্য দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে। যারা নতুন বন্দোবস্তের কথা বলেন, তাদের উদ্দেশে বলতে চাই, এটাই নতুন বন্দোবস্ত এবং নতুন বাংলাদেশের পথচলা।’

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে ড. এম এ মুহিত বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থার সমস্যা সামগ্রিকভাবে বিবেচনা করতে হবে। স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর দীর্ঘদিনের অবহেলা দূর করে সেগুলোকে কার্যকর ও জনবান্ধব করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

পরিদর্শনের সময় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, সাভার উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা. ফজলে বারী, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted