| | |

স্মৃতিসৌধে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেওয়ায় নারী আটক

হাসিবুল হাসান শান্ত

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় স্লোগান দেওয়ার সময় মোছা. তাহমিনা আক্তার নামের এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে স্মৃতিসৌধের ফোয়ারার সামনে থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়।

আটকের সময় তার সঙ্গে তিন সন্তান ছিল বলে জানা গেছে। তাহমিনা আক্তার কুমিল্লা জেলার বাসিন্দা এবং বর্তমানে রাজধানীর লালবাগ এলাকায় বসবাস করেন।

পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি জানান, আগে সরকারি কর্মচারী হাসপাতালে চাকরি করতেন, বর্তমানে বেকার। তিনি নিজেকে আওয়ামী লীগের একজন তৃণমূল কর্মী হিসেবে পরিচয় দেন। সকালে দুই সন্তানকে সঙ্গে নিয়ে বাসে করে জাতীয় স্মৃতিসৌধে আসেন এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিলে পুলিশ তাকে আটক করে।

ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, আটক নারীর কাছে আওয়ামী লীগের নামে একটি লিফলেট পাওয়া গেছে এবং তিনি স্লোগান দিচ্ছিলেন। এ কারণে তাকে হেফাজতে নেওয়া হয়েছে এবং বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, তাহমিনা আক্তার কীভাবে সেখানে এসেছেন এবং তার সঙ্গে কারা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, আটক নারীর সঙ্গে থাকা শিশুদের হেফাজতে নেওয়া হয়নি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted