মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে জাতীয় পার্টি (জাপা) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এ ঘটনা ঘটে।

জানা যায়, জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর নেতৃত্বে দলটির নেতাকর্মীরা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন। এ সময় তারা স্লোগান দিতে থাকলে ছাত্রশক্তির নেতাকর্মীরাও পাল্টা স্লোগান দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে হাতাহাতির ঘটনা ঘটে।
জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, “আমরা এখনও নিশ্চিত নই কারা হামলা চালিয়েছে। তবে আমাদের ধারণা, একটি স্বাধীনতাবিরোধী চক্র এ ঘটনার সঙ্গে জড়িত। আমরা মিছিল নিয়ে আসার সময় কিছু যুবক আমাদের ওপর আক্রমণ করে। আমাদের নেতাকর্মীরা তা প্রতিহত করেছে।”
অন্যদিকে জাতীয় ছাত্রশক্তির সিনিয়র সহ-সভাপতি ও জাকসুর সমাজসেবা সম্পাদক আহসান লাবীব বলেন, “জাতীয় পার্টির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। আমরা পাল্টা স্লোগান দিলে তাদের এক নেতা আমাদের এক কর্মীর ওপর হামলা করেন, সেখান থেকেই সংঘর্ষের সূত্রপাত।”
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, “স্মৃতিসৌধ এলাকায় মারামারির ঘটনার কথা শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”










