ত্রয়োদশ জাতীয় সংসদের প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা শপথ বাক্য পাঠের পর রীতি অনুযায়ী সাভারের জাতীয় স্মৃতিসৌধ-এ ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এ উপলক্ষে নতুন সংসদ সদস্যদের শ্রদ্ধা নিবেদন শেষ না হওয়া পর্যন্ত স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে স্মৃতিসৌধের মূল ফটকে এ সংক্রান্ত একটি নোটিশ টাঙানো দেখা যায়।
স্মৃতিসৌধ কর্তৃপক্ষ জানিয়েছে, শপথবাক্য পাঠের পর যে কোনো দিন নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সৌধে আসতে পারেন। তাদের আগমনকে কেন্দ্র করে প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। এ কারণে সাধারণ দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
কবে নাগাদ প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন, সে বিষয়ে চূড়ান্ত তারিখ এখনো নির্ধারিত হয়নি। তবে যেদিন তারা বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন, সেদিন পর্যন্ত সাধারণের প্রবেশ বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন আনু বলেন, শপথের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা রীতি অনুযায়ী একদিন স্মৃতিসৌধে এসে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সেই প্রস্তুতির অংশ হিসেবেই সাময়িক এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।










