| | |

হানি ট্র্যাপের ফাঁদে অপহরণ, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারে প্রেমের ফাঁদ পেতে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি উদ্ধার করা হয়েছে একটি গামছা, একটি মাস্কিং টেপ, তিনটি মোবাইল ফোন এবং অপহরণের পর আদায় করা নগদ ৪০ হাজার টাকা।

সোমবার (২৯ ডিসেম্বর) ভোরে সাভার পৌরসভার গেন্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মোছাঃ জোসনারা বেগম (৩৯), টুটুল (৩৫), সুমন (৩৫) ও রফিক মিয়া (৪৫)।

গোয়েন্দা পুলিশ জানায়, চক্রটি হানি ট্র্যাপের মাধ্যমে গেন্ডা এলাকা থেকে মাসুম বেপারী নামে এক ব্যক্তিকে অপহরণ করে এবং তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় ভিকটিমের পরিবার থানায় অভিযোগ দায়ের করলে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে ডিবি ঢাকা জেলা উত্তর।

ডিবি ঢাকা জেলা উত্তরের ওসি সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই কাজী কামাল মিয়া ও তার সঙ্গীয় ফোর্স ভোররাতে গেন্ডা এলাকায় অভিযান পরিচালনা করে চার অপহরণকারীকে গ্রেপ্তার করে এবং ভিকটিমকে উদ্ধার করে।

গ্রেপ্তারের পর উদ্ধারকৃত আলামতসহ আসামিদের সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted