রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ‘বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া। রাত ৮টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান। সেখানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়। পরে রাতেই তিনি বাসায় ফেরেন।’
দলীয় সূত্রে জানা গেছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু মেডিকেল টেস্টের জন্যই তাকে হাসপাতালে নেওয়া হয়।
এর আগে চলতি বছরের ১৮ জুন এভারকেয়ার হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছিলেন খালেদা জিয়া। গত বছরের ১৮ সেপ্টেম্বরও চিকিৎসা শেষে এভারকেয়ার হাসপাতাল থেকে ফিরোজায় ফেরেন তিনি।
উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডন যান খালেদা জিয়া। সেখানে লন্ডন ক্লিনিকে ১৭ দিন ভর্তি থাকার পর ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসা গ্রহণ করেন তিনি। ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন সাবেক এই প্রধানমন্ত্রী।










