| | |

১০ টাকায় ইলিশ বিতরণের ঘোষণা দিয়ে বিপাকে এমপি প্রার্থী

জেলা প্রতিনিধি, ফরিদপুর

মাওলানা রায়হান জামিল নামের এক স্বতন্ত্র এমপি প্রার্থী ফরিদপুরের সদরপুরে মাত্র ১০ টাকায় ইলিশ মাছ বিতরণের ঘোষণা দিয়েছিলেন। তবে ইলিশের চেয়ে মানুষ বেশি হওয়ায় তুমুল হট্টগোল শুরু হয়। একপর্যায়ে জনতার চাপে ইলিশ রেখে দ্রুত স্থান ত্যাগ করেন রায়হান জামিল।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই ইলিশ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

মুফতি রায়হান জামিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদরপুরে মাত্র ১০ টাকায় ইলিশ বিতরণের ঘোষণা দেন মুফতি রায়হান জামিল। মাত্র ১০ টাকায় ইলিশ‍!—এমন খবরে বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ সেখানে হুমড়ি খেয়ে পড়েন। কিন্তু পর্যাপ্ত ইলিশ না থাকায় উপস্থিত জনতার মধ্যে তুমুল আকারে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে উপস্থিত জনতার চাপে ইলিশ রেখে দ্রুত স্থান ত্যাগ করেন রায়হান জামিল। এরপর তিনি ভাষণচর ইউনিয়ন পরিষদ এলাকায় পৌঁছালে মাছ না পাওয়া ক্ষুব্ধ জনতা তার গাড়ি আটকে দেয়। উত্তপ্ত পরিস্থিতিতে স্থানীয়দের সহায়তায় কোনোমতে তিনি সেখান থেকে রক্ষা পান।

মুফতি রায়হান জামিল বলেন, ‘আমি মানুষের উপকারের চেষ্টা করি। আর এজন্যই ইলিশ বিতরণের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু অনাকাঙ্ক্ষিত ভিড় ও বিশৃঙ্খলার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে মাছ রেখে নিরাপত্তাজনিত কারণে আমাকে দ্রুত সেখান থেকে সরে আসতে হয়েছে।’

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, ‘বিষয়টি জানতে পেরে আমি আগেই রায়হান জামিলকে সতর্ক করেছিলাম। তিনি আমাদের কোনো কথা না শুনে নিজের মতো ইলিশ বিতরণ কার্যক্রম চালান। পরে বিশৃঙ্খলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। তবে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted