শনিবার | ১৮ এপ্রিল, ২০২৬ | ৫ বৈশাখ, ১৪৩৩ | ২৯ শাওয়াল, ১৪৪৭

১০ মাস ধরে গ্যাসহীন আমিনবাজার, মহাসড়ক অবরোধে ভোগান্তি

নাজমুল হুদা

ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় দীর্ঘ ১০ মাস ধরে গ্যাস সংযোগ বন্ধ থাকায় ক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে আমিনবাজার বাসস্ট্যান্ড এলাকায় বৈধ গ্রাহকেরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীরা জানান, তিতাসের সংযোগ লাইনে ত্রুটি দেখা দেওয়ায় প্রায় ১০ মাস আগে আমিনবাজার এলাকার বৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে প্রায় ৭০ থেকে ৮০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি সড়ক বিভাগের কাছে রাস্তা কাটার অনুমতির জন্য আবেদন করা হলেও এখনো অনুমোদন না পাওয়ায় কাজ শুরু করা যাচ্ছে না, যদিও টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শাওন বলেন, “এটি নতুন সংযোগ নয়, পুরনো সংযোগ। সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলেও এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পুরো এলাকায় মানুষ কষ্টে আছে।”

আরেক বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, “গ্যাস সংযোগ না থাকার কারণে পরিবারের সবাই দুর্ভোগে পড়েছে। তিন মাস আগে ওয়ার্ক অর্ডার দেওয়া হলেও কাজের কোনো অগ্রগতি নেই।”

বিক্ষোভে অংশ নেওয়া অন্যরা অভিযোগ করেন, কৃত্রিমভাবে এই সংকট তৈরি করা হয়েছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী সাত দিনের মধ্যে গ্যাস সংযোগ চালু না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

পরে সেনাবাহিনীর আশ্বাসে প্রায় আধা ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হলে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930