| | |

ঢাকার কেরানীগঞ্জ

১২ ঘণ্টা পর নিভল বহুতল ভবনের আগুন

নিজস্ব প্রতিবেদক

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ‘জাবালে নুর টাওয়ার’ নামের একটি বহুতল ভবনে লাগা আগুন নির্বাপণ করা হয়েছে। ভোর চারটার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের চেষ্টায় নেভে সন্ধ্যা ছয়টায় প্রায় ১২ ঘণ্টা পর। তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ওই ভবনে বসবাসরত ৪৫ জন বাসিন্দাকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সূত্রে জানা যায়, দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকায় বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুসংলগ্ন (বাবুবাজার সেতু) ওই ভবনের ভূগর্ভস্থ কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে কেরানীগঞ্জ, সদরঘাট, লালবাগ, মিরপুর, সিদ্দিকবাজারসহ ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুন নেভাতে বেগ পাওয়ায় দুপুর ১২টার দিকে আরও ছয়টি ইউনিটসহ মোট ২০টি ইউনিট অগ্নিনির্বাপণ কার্যক্রমে অংশ নেয়।

সন্ধ্যা ছয়টার দিকে অগ্নিনির্বাপণ কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। সাংবাদিকদের তিনি বলেন, ‘ভোর ৫টা ৩৭ মিনিটে আগুনের খবর পাওয়ার পর আট মিনিটের মধ্যেই প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে অন্যান্য ইউনিট যুক্ত হয়। সন্ধ্যা ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted