| | |

আমানউল্লাহ আমান

২০২৬ সালের নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে

নিজস্ব প্রতিবেদক

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, ‘২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক, জাতীয় সরকার গঠিত হবে। সে সরকার হবে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত বিএনপি সরকার।’

রবিবার (২৯ সেপ্টেম্বর) সাভারের তেতুঁলঝোড়া ও ভাকুর্তা এলাকার পূজা মণ্ডপ পরিদর্শনের সময় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করছে। ইতিমধ্যে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। আগামী নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে আমান বলেন, ‘গত ১৬ বছরে যারা আন্দোলনে ছিল, তাদের নিয়েই একটি জাতীয় সরকার গঠন করা হবে। সে সরকার হবে সব দলের অংশগ্রহণে একটি গণতান্ত্রিক সরকার।’

এ সময় আমানউল্লাহ আমান সর্বশেষ জুলাই-আগস্টের আন্দোলনে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘তাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।’

পূজা উপলক্ষে তিনি পরিদর্শন করেন তেতুঁলঝোড়ার ঘোর মন্দির, জামুর ঋষিপাড়া সার্বজনীন মন্দির এবং ভাকুর্তা বটতলা পূজা মণ্ডপ। মন্দির কমিটির সভাপতি রনজু অতিথিদের স্বাগত জানান এবং দুর্গাসহ অন্যান্য দেব-দেবীর প্রতিমা ঘুরিয়ে দেখান। এ সময় তার সঙ্গে ছিলেন, তেতুঁলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক হাজী মো. আব্দুল আজিজ, সিনিয়র সহসভাপতি আব্দুর রহমান খান, সহসভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস খান, ঢাকা জেলা যুবদলের নেতা রকিব হাসান, সাবেক ছাত্রদল নেতা রেজাউল করিম জুয়েল, ভাকুর্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরোয়ার হোসেন, ভাকুর্তা বিএনপির যুগ্ম সম্পাদক বাহার উদ্দিন বাহার, নেতা নাসির সরদার প্রমুখ।
স্থানীয় সূত্রে জানা গেছে, এবার সাভার উপজেলায় ২১৪টি মণ্ডপে দুর্গা প্রতিমা স্থাপন করা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted