বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে ঢাকার সাভারে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার ব্যাংক টাউন, ঢাকা-আরিচা মহাসড়ক ও আশপাশের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারও নেতাকর্মী অংশ নেন। কর্মসূচির নেতৃত্ব দেন ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ।
ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ বলেন, ‘জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ৩১ দফা হচ্ছে জনগণের মুক্তির সনদ। আমরা বিশ্বাস করি, জনগণ জেগে উঠেছে। এই আন্দোলন এখন ঘরে ঘরে পৌঁছে গেছে।’
তিনি বলেন, ‘আগামী নির্বাচনে বিএনপি জনগণের শক্তিতে জয়ী হবে। আমাদের লক্ষ্য একটাই—গণতান্ত্রিক বাংলাদেশ গড়া। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ আন্দোলনে শামিল হতে হবে।’
কর্মসূচি শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে বিভিন্ন ওয়ার্ডে বিভক্ত হয়ে ৩১ দফার প্রচারণা চালান।










