ঢাকার সাভার থানার উলাইল এলাকায় ধানের শীষের পক্ষে দিনব্যাপী গণসংযোগ ও নির্বাচনী প্রচার চালিয়েছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপি মনোনীত প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সমর্থনে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা পাড়া-মহল্লা ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলেন, লিফলেট বিতরণ করেন এবং দলের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন।
গণসংযোগকালে স্বেচ্ছাসেবক দল নেতা মহিদুল ইসলাম শাওন বলেন, দেশের সাধারণ মানুষ বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়েছে, যা তরুণ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এই অবস্থার পরিবর্তনে গণরায়ের বিকল্প নেই।
তিনি আরও বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে এবং কোনো অপরাধী রাজনৈতিক পরিচয়ে ছাড় পাবে না।
মহিদুল ইসলাম শাওন বলেন, সাভারের অবকাঠামো উন্নয়ন, যানজট নিরসন, শিক্ষা ও চিকিৎসা খাতে বাস্তবসম্মত উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, নারীদের নিরাপত্তা নিশ্চিত এবং ব্যবসায়ীদের জন্য সহায়ক পরিবেশ গড়ে তোলা হবে। এসব বাস্তবায়নের জন্য ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি।










