| | |

সাভার

হাসপাতালের বিলের কারণে মরদেহ আটকে রাখার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল–এ বিল পরিশোধ না করায় এক বৃদ্ধের মরদেহ প্রায় ১২ ঘণ্টা মর্গে রাখার অভিযোগ উঠেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রাতে মৃত্যু হলেও স্বজনরা সকালে মরদেহ নিয়ে গেছেন।

মৃত ব্যক্তির নাম আয়নাল বেপারী (৭০)। তিনি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার গঙ্গারামপুর গ্রামের বাসিন্দা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তার ছেলে সজল বেপারী মরদেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

সজল বেপারীর দাবি, স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়লে তার বাবাকে উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১০টার দিকে চিকিৎসকরা মৃত্যুর খবর জানান। এর আগে ওষুধ ও অন্যান্য খাতে ৩৩ হাজার টাকা পরিশোধ করা হয়। কিন্তু মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ আরও ২৮ হাজার টাকা বিল দাবি করে। টাকা পরিশোধ করতে না পারায় মরদেহ মর্গে রাখা হয় এবং তাৎক্ষণিকভাবে লাশ হস্তান্তর করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

তার ভাষ্য, পরে শনিবার সকালে হাসপাতালের এক চিকিৎসকের সহযোগিতায় ১০ হাজার টাকা পরিশোধের পর বেলা সাড়ে ১০টার দিকে মরদেহ বুঝে পান। এরপর অ্যাম্বুলেন্সে করে সকাল ১১টার দিকে হাসপাতাল এলাকা ত্যাগ করেন।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম বলেন, আয়নাল নামে এক ব্যক্তি রাত ১২টার দিকে মারা যান। পরিবারের সদস্যরা রাতে মরদেহ নিতে পারেননি। সকালে হাসপাতালের চিকিৎসকের মাধ্যমে বিল সমন্বয় করে তারা মরদেহ নিয়ে গেছেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ