মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাভার প্রেসক্লাবের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে সাভার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা। তারা ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার দাবিতে জীবন উৎসর্গকারী সালাম, বরকত, রফিক, জব্বারসহ সকল শহীদ জাতির চিরস্মরণীয়। তাদের আত্মত্যাগের ফলেই আজ বাংলা ভাষা বিশ্ব দরবারে মর্যাদা পেয়েছে।
অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। শেষে উপস্থিত সাংবাদিকরা ভাষার সঠিক ব্যবহার ও বিকাশে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।










