| | |

ভাঙচুরের পর আওয়ামী লীগের কার্যালয়কে ‘পাবলিক টয়লেট’ ঘোষণা

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালিয়ে সেটিকে ‘পাবলিক টয়লেট’ হিসেবে ঘোষণা দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে নগরের গাঙ্গিনারপাড় শিববাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়কারী ও জাতীয় বিপ্লবী মঞ্চের কেন্দ্রীয় সদস্যসচিব আল নূর মো. আয়াস কয়েকজন শ্রমিকসহ কার্যালয়ে যান। এ সময় শ্রমিকরা কলাপসিবল গেটের পাশের একটি জানালা ভেঙে ফেলেন এবং আরেকটি জানালার কিছু অংশ ক্ষতিগ্রস্ত করেন।

এ সময় ভেতরে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও আওয়ামী লীগের কর্মসূচির একটি ব্যানার ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। কার্যালয়ের সামনে একটি টায়ারে দাহ্য পদার্থ ঢেলে আগুনও দেওয়া হয়। বেলা ১১টা ৪০ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ভাঙচুর বন্ধ করে। একপর্যায়ে স্থানীয় কয়েকজনের প্রতিবাদের মুখে পড়েন আল নূর মো. আয়াস।

ঘটনার বিষয়ে আল নূর মো. আয়াস বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রেদোয়ান হোসেন হত্যার অভিযোগ তুলে তিনি এ কর্মসূচি পালন করেছেন। তার ভাষ্য, ফ্যাসিবাদের কোনো জায়গা থাকবে না এবং কার্যালয়টি আনুষ্ঠানিকভাবে টয়লেট হিসেবে উন্মুক্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তিনি অভিযুক্তদের বিচারের দাবি জানান।

এদিকে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ভাঙচুরের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। যারা ভাঙচুরে জড়িত, তাদের পরিচয় সংগ্রহ করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে ২১ ফেব্রুয়ারি ওই কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted