শুক্রবার | ১২ জুন, ২০২৬ | ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৫ জিলহজ, ১৪৪৭

জমি দখলের চেষ্টায় দুজন আটক, পুলিশে সোপর্দ করলেন এমপি

হাসিবুল হাসান শান্ত

ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ঢাকা–১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে আশুলিয়ার দুর্গাপুর ও আলতাফ নগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আশুলিয়ার কাঠগড়া ইউনিয়নের দুর্গাপুর এলাকার বাসিন্দা রাজিয়া বেগম তার নিজস্ব জমিতে বাড়ি নির্মাণের কাজ শুরু করলে স্থানীয় রুবেল মন্ডল ও তার সহযোগীরা তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নির্মাণকাজে বাধা দেওয়া হয়। পাশাপাশি পার্শ্ববর্তী আরও একটি জমি দখলের চেষ্টা করা হয় বলেও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারীসহ স্থানীয়রা বিষয়টি সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে জানালে তিনি পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। পরে আলতাফ নগর এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজির অভিযোগে রুবেল মন্ডল ও বাবুল হোসেনকে আটক করা হয়। আটক দুজনকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হলে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।

অভিযানের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে অবস্থানরত কয়েকজন মাদক ব্যবসায়ী দ্রুত পালিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ বিষয়ে সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, “চাঁদাবাজদের কোনো দল নেই। তারা যে দলেরই হোক না কেন, অপরাধ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের জমি দখল বা চাঁদাবাজি কোনোভাবেই সহ্য করা হবে না।”

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, বাদীর এজাহারের ভিত্তিতে আটক দুই ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930