রবিবার | ৭ জুন, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২০ জিলহজ, ১৪৪৭

সাভার

যাত্রীবেশে অটোরিকশা ছিনতাইচেষ্টা, তিন ছিনতাইকারী আটক

হাসিবুল হাসান শান্ত

ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাইয়ের সময় তিন সদস্যের একটি চক্রকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত দুটি ধারালো চাকু ও একটি অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে বিরুলিয়া ইউনিয়নের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশের আমিন মোহাম্মদ গ্রুপের হাউজিং এলাকায়।

এজাহার সূত্রে জানা যায়, ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা ও বর্তমানে কালিয়াকৈরে ভাড়াটিয়া হিসেবে বসবাসকারী অটোরিকশা চালক মো. শাহীন মিয়া (২৮) গত ৩ মার্চ রাতে ইফতার শেষে রিকশা নিয়ে বের হন। রাত আনুমানিক ৮টার দিকে সাভারের আকরান বাজার এলাকা থেকে তিন যুবক ড্যাফোডিল ইউনিভার্সিটি এলাকায় যাওয়ার কথা বলে তার অটোরিকশাটি ভাড়া করে।

পরে বিরুলিয়া ইউনিয়নের দেউন এলাকায় ড্যাফোডিল ইউনিভার্সিটির মহিলা হোস্টেলের পূর্ব পাশে আমিন মোহাম্মদ গ্রুপের হাউজিংয়ের একটি নির্জন ইটের সলিং রাস্তায় পৌঁছালে ছিনতাইকারীরা চালককে রিকশা থামাতে বলে। এরপর তারা শাহীন মিয়াকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক রিকশা থেকে নামিয়ে দেয় এবং স্কচটেপ দিয়ে তার দুই হাত বেঁধে ফেলে। এ সময় চালকের গলায় ছুরি ঠেকিয়ে আনুমানিক ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

চালক শাহীন মিয়ার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তিন ছিনতাইকারীকে ঘেরাও করে হাতেনাতে ধরে ফেলে। পরে উত্তেজিত জনতা তাদের গণধোলাই দেয়।

খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনের মাধ্যমে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির এসআই আল আমিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে।

আটককৃতরা হলেন মো. শাহিনুর ইসলাম (২৮), শ্রী মিট্টু কুমার শীল (২৩) ও মো. সজিব (২৭)। তারা বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানা গেছে।

পুলিশের উপস্থিতিতে তাদের দেহ তল্লাশি করে শাহিনুর ইসলামের কাছ থেকে ১৩ ইঞ্চি লম্বা একটি কাঠের বাটযুক্ত স্টিলের চাকু এবং মিট্টু কুমার শীলের কাছ থেকে ১০ ইঞ্চি লম্বা একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930