জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)-এর ২০২৬ সেশনের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মাহ্ আলম এবং সাধারণ সম্পাদক পদে রাজিব রায়হান নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ২টায় প্রধান নির্বাচন কমিশনার ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাহিদ আক্তার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (TSC), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এ অবস্থিত সাংবাদিক সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। পরে দুপুর ১টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলে।
নির্বাচিত অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি পদে রাসেল মাহমুদ (ইত্তেফাক), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মুশফিকুর রিজন (আজকের পত্রিকা), কোষাধ্যক্ষ পদে সৈকত ইসলাম (এশিয়া পোস্ট) এবং দপ্তর ও প্রকাশনা সম্পাদক পদে আতাউর রহমান (নয়া দিগন্ত)।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রাকিব হোসেন প্রান্ত (জাগো নিউজ), ফারুক হোসাইন (ডেইলি সান) ও মেহেদি হাসান (দৈনিক শিক্ষা)।
ফলাফল ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে জাতির কাছে তুলে ধরতে হবে এবং সামনের দিনে সবাইকে ঐক্যবদ্ধভাবে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করতে হবে।
নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক আবু সাইফ মো. মুনতাকিমুল বারী চৌধুরী এবং পাবলিক হেলথ ও ইনফরমেটিকস বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহাদাত হোসেন।










