| | |

এসএসসি পরীক্ষার্থীর ফোনে সাড়া, ঘটনাস্থলে এমপি—সমাধান শব্দ দূষণের

হাসিবুল হাসান শান্ত

ঢাকার সাভারের ইসলাম নগর এলাকায় শব্দ দূষণে পড়াশোনায় ব্যাঘাত ঘটায় এক এসএসসি পরীক্ষার্থীর ফোনে সাড়া দিয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ইসরাত জাহান আনিশার বাড়ির পাশেই একটি ফার্নিচার কারখানা রয়েছে। দিন-রাত মেশিন চলার শব্দে দীর্ঘদিন ধরে পড়াশোনায় মনোযোগ দিতে পারছিলেন না তিনি। পরিবার থেকে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো সমাধান না পেয়ে শেষ পর্যন্ত নিজেই সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগ করেন আনিশা।

বিষয়টি জানার পরপরই এমপি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আশুলিয়া থানা পুলিশের সদস্যদেরও সঙ্গে নেন।

ঘটনাস্থলে বসেই উভয় পক্ষের বক্তব্য শোনেন তিনি। আনিশার মা মোবাশ্বেরা আক্তার অভিযোগ করেন, শব্দ দূষণের কারণে তার মেয়ের পড়াশোনার মারাত্মক ক্ষতি হচ্ছে এবং ফলাফলেও এর প্রভাব পড়ছে।

অভিযোগের সত্যতা পেয়ে এমপি তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধানের উদ্যোগ নেন। ইসলাম নগর বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে বিষয়টি দ্রুত মীমাংসার নির্দেশ দেন এবং নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, জনপ্রতিনিধির এমন দ্রুত সাড়া পাওয়া বিরল।

পাথালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ মো. আনোয়ার হোসেন রানা বলেন, দীর্ঘদিনের সমস্যার দ্রুত সমাধান হওয়ায় এলাকাবাসী স্বস্তি পেয়েছে। এতে একদিকে যেমন শিক্ষার্থীর পড়ার পরিবেশ নিশ্চিত হয়েছে, অন্যদিকে এলাকাবাসীও শব্দ দূষণ থেকে মুক্তি পেয়েছে।

সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বলেন, কাউকে ভোগান্তিতে ফেলে ব্যবসা পরিচালনা করা যাবে না। জনগণের সমস্যা সমাধানে তিনি সবসময় প্রস্তুত আছেন এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted