ঢাকার সাভার-এর ভাকুর্তা ইউনিয়নে আধুনিক প্রযুক্তিনির্ভর পরিবেশবান্ধব ইট উৎপাদন কারখানা ‘এম এইচ ভি ব্রিকস’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. মুরাদ আহমেদ ফারুক। এ সময় কারখানার স্বত্বাধিকারী আবু হানিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে ড. মুরাদ আহমেদ ফারুক বলেন, নতুন এই কারখানায় অত্যাধুনিক কার্বন পিউরিফিকেশন প্লান্ট (সিটিপি) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা পরিবেশ দূষণ কমিয়ে উন্নতমানের ইট উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ সাভার অঞ্চলে পরিবেশবান্ধব শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে।
কারখানা কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক মান বজায় রেখে সিটিপি পদ্ধতিতে উৎপাদন কার্যক্রম পরিচালনা করা হবে এবং পরিবেশ সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
স্থানীয়রা আশা করছেন, এ ধরনের পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসার ঘটলে সাভারের কৃষি ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে।










