ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেছেন, দেশের প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার, যাতে যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ জীবনধারায় অভ্যস্ত করা যায়।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ঢাকার নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যুবসমাজকে নেশা থেকে ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নেই। দোহার-নবাবগঞ্জ অঞ্চলের প্রতিটি এলাকায় ক্রীড়াচর্চা বাড়াতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করার ওপরও জোর দেন তিনি।
খন্দকার আবু আশফাক আরও বলেন, এলাকায় মাদক ও নেশাজাতীয় দ্রব্যের বিস্তার উদ্বেগজনক। অনেক সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লেও কারবারিরা দ্রুত ছাড়া পেয়ে যায়। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে আইনের কঠোর প্রয়োগ প্রয়োজন, নচেৎ যুবসমাজ ধ্বংসের ঝুঁকিতে পড়বে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম।
টুর্নামেন্টে বালিকা বিভাগে চকোরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ৪-৩ গোলে নতুন বান্দুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। আর বালক বিভাগের ফাইনালে নবাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বর্দ্ধনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা জেতে।










