| | |

গণ বিশ্ববিদ্যালয়ে হিজড়া নিরাপত্তাকর্মীদের নিয়ে দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী

নাজমুল হুদা

ঢাকার সাভারে গণ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় লিঙ্গের ছয়জন নিরাপত্তাকর্মীকে নিয়ে চতুর্থবারের মতো দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) শুরু হওয়া এ প্রদর্শনী সোমবার (২৭ এপ্রিল) শেষ হয়।

প্রদর্শনীতে ছয়জন হিজড়া নিরাপত্তাকর্মীর ছবি, তাদের জীবনসংগ্রাম, অতীত এবং বর্তমান সামাজিক অবস্থানের নানা দিক তুলে ধরা হয়। এতে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।

আয়োজকরা জানান, ২০১৮ সালে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ে ছয়জন হিজড়াকে নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাদের জীবনসংগ্রাম ও সামাজিক অবস্থান তুলে ধরতে ২০২২ সালের জুলাইয়ে ‘তৃতীয় চোখে অন্য জীবন’ শিরোনামে প্রথম আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। ওই প্রদর্শনীর উদ্বোধন করেন গণস্বাস্থ্য কেন্দ্র ও গণ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

পরবর্তীতে একই বছরের নভেম্বরে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে দ্বিতীয়বার এবং পরের বছরের মার্চে সাভারের জাতীয় স্মৃতিসৌধে তৃতীয়বার এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ধারাবাহিকতার অংশ হিসেবে এবার বিশ্ববিদ্যালয়ের বাদামতলায় চতুর্থবারের মতো আয়োজন করা হয়।

প্রদর্শনীর চিন্তক নঈম উদ্দীন বলেন, “বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তৃতীয় লিঙ্গের নিরাপত্তাকর্মীদের দায়িত্বশীলভাবে কাজ করতে দেখে বিষয়টি আমার কাছে অনুপ্রেরণাদায়ক মনে হয়। তাদের এই ইতিবাচক দিক সমাজের সামনে তুলে ধরতেই এ আয়োজন।”

আয়োজকরা আশা করছেন, এ ধরনের উদ্যোগ সমাজে অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সহায়ক হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted